মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের সামুদ্রিক অঞ্চলে জাহাজে হামলা এবং নিরাপত্তাজনিত ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। আহত ও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ১১ নভেম্বর পর্যন্ত ১৩৪টি নিরাপত্তাজনিত ঘটনা নিশ্চিত করেছে। এর মধ্যে অক্টোবরেই ঘটেছে ৩৫টি, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ।
খিয়ারি বলেন, ‘এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিতে দেওয়া যায় না।’ একই সঙ্গে তিনি বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিদিনই সামুদ্রিক দুর্ঘটনার নতুন খবর আসছে। এই ঘটনাগুলো অগ্রহণযোগ্য। বেসামরিক নৌযান এবং বাণিজ্যিক জাহাজকে অবশ্যই লক্ষ্যবস্তু করা উচিত নয়।’
হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের মধ্যেই নতুন করে তেলবাহী জাহাজে বিস্ফোরণের দাবি করেছে ইরান। শনিবার (১৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, অনুমোদন ছাড়া নির্ধারিত নিষিদ্ধ এলাকায় প্রবেশ করায় তিনটি ট্যাংকার নৌমাইনের আঘাতে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।
তবে জাহাজগুলোর পরিচয় এবং কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইরানের নৌবাহিনী রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ এলাকায় চলাচলকারী যেকোনো আইন অমান্যকারী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে আগুনে পুড়ে যাবে।’
তেহরানের অবস্থান অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করতে জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
অন্যদিকে প্রণালিটি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ অবমুক্ত করা এবং সব ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধ করা।
একই সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির সুস্পষ্ট ঘোষণা চায় তেহরান।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত রয়েছে।
অন্যদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহন নিয়ে। হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা বাড়ায় জাহাজ পরিচালনা, পরিবহন ও বিমা খরচ বেড়েছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে।
নিরাপত্তা পরিষদে খিয়ারি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক ব্যবস্থা ব্যয়বহুল, অনিশ্চিত এবং অনিরাপদ রয়ে গেছে।’
তিনি সতর্ক করেন, নৌচলাচলে বাধার কারণে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ছে। একই সঙ্গে বিমা খরচ বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং সার পরিবহনে সংকট বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।
জাতিসংঘের মতে, বিকল্প পথে জ্বালানি রপ্তানির পরিমাণ অনেকটা পুনরুদ্ধার হলেও সামুদ্রিক বাণিজ্য এখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফেরেনি। ফলে জ্বালানি সরবরাহ বাড়ার বিষয়টিকে হরমুজের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।
জাতিসংঘ তাই বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথগুলোতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
সূত্র : আল জাজিরা














মন্তব্যসমূহ