বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে এ প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপের দেশটি।
শনিবার (১৪ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তাঁর সঙ্গে বৈঠকে অংশ নেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।
দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সংসদীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি সমর্থন জানান সুইস প্রতিনিধিরা।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় সুইজারল্যান্ড।
দ্বিপক্ষীয় সম্পর্কের অর্থনৈতিক দিক নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বিশেষ করে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সংলাপ আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সুইজারল্যান্ডের পক্ষে বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কুস লাইটনার এবং রাষ্ট্রদূত ক্লদিও ফিশার। এ ছাড়া সুইস সংসদ সদস্য ও সংসদীয় সহযোগিতা বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকের মাধ্যমে দুই দেশের সংসদীয় যোগাযোগ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।














মন্তব্যসমূহ