ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষয়ক্ষতির বিপরীতে আন্তর্জাতিক অর্থ সহায়তা আদায়ের দাবি নিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা সম্মেলনে তুলে ধরে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থ সহায়তা চাইবে সরকার।প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, শুধু অর্থ সহায়তার দাবি তোলাই নয়, লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থের পরিমাণ বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হবে। পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো যেন এ তহবিল থেকে অর্থ পাওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। এসব দাবি এককভাবে নয়, জোটবদ্ধভাবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে বাংলাদেশ।আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক। অন্যদিকে, আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।সম্মেলনে নতুন প্রতিশ্রুতি গ্রহণের পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী