প্রশাসনের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সমঝোতা অনুযায়ী, রাজনৈতিক বক্তব্য পরিহার করার শর্তে এই মাহফিল অনুষ্ঠিত হয় এবং একই সময়ে ও একই স্থানে আয়োজনের কথা থাকলেও ‘মাদকবিরোধী সমাবেশ’ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর থেকে কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মাহফিলের কার্যক্রম শুরু হয়। বিকেলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং মাগরিবের নামাজের আগেই মাহফিলের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একই সময়ে ও একই স্থানে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল এবং ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হলে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অন্যদিকে, মাদকবিরোধী সমাবেশের প্রচারে ইজিবাইকে মাইকিং করা হয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতির একপর্যায়ে বৃহস্পতিবার রাতে জামায়াতের স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালেবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যেকোনো পরিস্থিতিতে মাহফিল আয়োজনের ঘোষণা দেন দলটির নেতারা। এর পরপরই মাদকবিরোধী সমাবেশের পক্ষ থেকেও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতাদের থানায় ডেকে জরুরি বৈঠক করেন। বৈঠকে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক বক্তব্য পরিহার করে মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বার্ষিক অনুষ্ঠান শুরু হয়। আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওলিউর রহমান।
উল্লেখ্য, মাহফিল আয়োজনের প্রশাসনিক অনুমতি নিয়েও এর আগে জটিলতা তৈরি হয়েছিল। গত ১১ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর আবেদন নামঞ্জুর করা হয়েছিল। তবে প্রশাসনের মধ্যস্থতা ও দু’পক্ষের সমঝোতার ফলে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলটি সম্পন্ন হয়েছে।














মন্তব্যসমূহ