মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা জয় দিয়ে করতে পারল না আর্জেন্টিনা। জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে ২০২২ বিশ্বকাপজয়ীরা। তবে এই পরাজয়কে কেবল ব্যর্থতা হিসেবে দেখছেন না দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরং নতুন খেলোয়াড়দের নিয়ে দল গুছিয়ে নিতে সময় ও ধৈর্যের প্রয়োজন বলে মনে করছেন তিনি।
২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নের পর এটিই ছিল স্কালোনির প্রথম ম্যাচ। শুরুতেই হারের মুখ দেখলেও দলের পারফরম্যান্সে ইতিবাচক কিছু দিক খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন কোচ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের কয়েকটি ভালো মুহূর্ত তাঁর নজর কেড়েছে।
মেসির অনুপস্থিতিতে দলের দায়িত্ব নতুনদের কাঁধে চাপিয়ে দেওয়ার পক্ষে নন স্কালোনি। তরুণ খেলোয়াড়দের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না।’
নতুনদের নিয়ে প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। স্কালোনির ভাষায়, ‘তারা তরুণ এবং আমরা বিশ্বাস করি আমাদের সঠিক মুহূর্তগুলো খুঁজতে হবে। দুর্ভাগ্যবশত, আজ আমরা তাদের ফুটবল উপভোগের জন্য সঠিক সময় খুঁজে পাইনি। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ তারা তরুণ যারা তাদের সবটুকু দেবে। আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না। এটা কঠিন, বিশেষ করে একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে।’
ম্যাচের ভুলত্রুটি নিয়েও কাজ করার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘যৌক্তিকভাবে কিছু বিষয় সংশোধন করার আছে। আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। এটাই আমাদের করতে হবে, কাজ করে যেতে হবে।’
পরাজয়ের পরও দলের প্রচেষ্টাকে ছোট করে দেখছেন না স্কালোনি। ম্যাচে নিজেদের সুযোগ তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হেরে যাওয়ার অনেক উপায় আছে। আমরাও আমাদের সুযোগ পেয়েছিলাম। প্রতিপক্ষ যখন কঠিন পরিস্থিতিতে ফেলে, তখন তাদের অভিনন্দন জানাতে হয়। আমরা সব কাজ করেছি, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার পাইনি। এটার জন্য পরিকল্পনা করা যায় না।’
মেসিকে ছাড়া আর্জেন্টিনার সামনে এখন বড় চ্যালেঞ্জ নতুন একটি দল গড়ে তোলা। সেই প্রক্রিয়ায় তরুণদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়াকেই গুরুত্ব দিচ্ছেন স্কালোনি।














মন্তব্যসমূহ