সারা দেশে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগের দেওয়া আদেশগুলো বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার কার্যক্রম পুনরায় শুরুর আশঙ্কায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।
শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা।
অন্যদিকে ইটভাটা মালিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
রিটকারীর আইনজীবী জানান, অবৈধ ইটভাটা বন্ধের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আদালতে আইনি কার্যক্রম চলছে। এর আগে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তী সময়ে আদালত অবৈধ ইটভাটা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে বাস্তবায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তবে ওই নির্দেশনার পর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদেশ সংশোধনের আবেদন করা হয়।
বিশেষ করে জিগজ্যাগ পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোকে আদালতের নির্দেশনার বাইরে রাখার আবেদন জানান মালিকপক্ষের প্রতিনিধিরা।
পরে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের আদেশে সংশোধন আনলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন।
এরপর বিভিন্ন ইটভাটার মালিক ওই আদেশের বিরুদ্ধে আপিল করে স্থগিতাদেশ চান। তবে চেম্বার আদালত থেকে কোনো স্থগিতাদেশ পাননি তাঁরা। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আপিলগুলোও আপিল বিভাগে খারিজ হয় বলে রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন।
এদিকে আদালতের আগের নির্দেশনার পর বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু হয়েছিল। কিন্তু সম্প্রতি কিছু ইটভাটার মালিক পুনরায় কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছেন বলে অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে এইচআরপিবির পক্ষ থেকে নতুন আবেদন করে আগের আদেশগুলো বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।
বৃহস্পতিবার ওই আবেদনের শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনেন আদালত। পরে আবেদন মঞ্জুর করে দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিদ্যমান আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন হাইকোর্ট।
একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের এসব পদক্ষেপ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।














মন্তব্যসমূহ