ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় তিন লাখ কোটি টাকার বেশি।
বুধবার (২১ অক্টোবর) নিউ মেক্সিকোর বিচারক ফ্রান্সিস ম্যাথিউ এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় আলোচিত কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির সূত্র ধরে দায়ের করা মামলায় এই জরিমানা করা হয়েছে।
ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাঁদের সম্মতি ছাড়াই সংগ্রহ করেছিল। এসব তথ্য ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের লক্ষ্য করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করা হয়।
এ ঘটনার পর ২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলা করে নিউ মেক্সিকো কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কারা দেখতে বা ব্যবহার করতে পারছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। পাশাপাশি বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণের নীতিমালা নিয়েও ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর জুরি বোর্ডের রায়ে মেটার শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখের বেশি বার লঙ্ঘন করেছে বলে সিদ্ধান্ত দেন জুরিরা।
বিচারক ফ্রান্সিস ম্যাথিউ তাঁর রায়ে বলেন, বছরের পর বছর ধরে ফেসবুকের বিভ্রান্তিকর কর্মকাণ্ড প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
অঙ্গরাজ্যের আইন অনুযায়ী প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। সে হিসাবে মেটার জরিমানার পরিমাণ ২১ হাজার ৯০০ কোটি ডলারের বেশি হতে পারত। তবে বিচারক তা কমিয়ে ২ হাজার ৫০০ কোটি ডলার নির্ধারণ করেন।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস জানিয়েছেন, আইন অনুযায়ী জরিমানার অর্থ অঙ্গরাজ্যের শিক্ষাব্যবস্থায় ব্যয় করা হবে।
তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগ সঠিক নয় এবং জরিমানার পরিমাণও অসাংবিধানিক। আপিলের কারণে চূড়ান্তভাবে অর্থ আদায়ের বিষয়টি দীর্ঘ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করতে পারে।
মন্তব্যসমূহ