দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে গত সাত দিনে তিন দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে বুধবার (১১ নভেম্বর) প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তারও আগে শুক্রবার (৬ নভেম্বর) একই পরিমাণ দাম কমিয়েছিল বাজুস। ফলে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ২২ ক্যারেটের সোনার দাম মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমেছে।
তবে এই দরপতনের আগে দেশের বাজারে টানা তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট ১২ হাজার ১২ টাকা বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।
দাম কমানোর কারণ হিসেবে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে চলতি বছর দেশের বাজারে সোনার দামে ঘন ঘন পরিবর্তন এসেছে। বাজুসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ১৩৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।














মন্তব্যসমূহ