ফিফার নিষেধাজ্ঞা নিয়েই সাফের ড্রয়ে নেপাল
ফিফার নিষেধাজ্ঞায় থাকলেও নেপালকে সম্ভাব্য দল হিসেবে রেখেই ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দেশটি এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। নেপালের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠলে দলটিকেও এই গ্রুপে যুক্ত করা হবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। নেপাল খেলতে না পারলে ছয় দল নিয়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। সে ক্ষেত্রে দুই গ্রুপে তিনটি করে দল থাকবে।[BANGVIEWS-POST:2952] সাফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিষেধাজ্ঞা বহাল থাকলে নেপালকে বাদ দিয়েই চূড়ান্ত সূচি তৈরি করা হবে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে গত ২৪ জুন অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা। এর ফলে নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো ফিফা এবং এএফসির অধীন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। একই সঙ্গে দেশটির ফুটবল সংস্থা আন্তর্জাতিক অর্থায়ন ও উন্নয়ন কর্মসূচির সুবিধাও হারিয়েছে।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। পূর্ণাঙ্গ ম্যাচসূচি এখনো প্রকাশ করা হয়নি। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সূচি চূড়ান্ত করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।