বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঠেকাতে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নাহিদ ইসলাম সাম্প্রতিক একাধিক নাশকতার ঘটনার উল্লেখ করে বলেন, ফরিদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে ভেতরে ঘুমিয়ে থাকা এক নিরীহ নিরপরাধ চালককে নির্মমভাবে হত্যা করেছে ফ্যাসিস্ট শক্তি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের ধারাবাহিক দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসরদের বর্বরতার নির্মম বলি হচ্ছে সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে সরকার এখনো পুরোপুরি ব্যর্থ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সত্ত্বেও সরকারের অবস্থানকে ‘নির্বিকার’ আখ্যা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই গোষ্ঠীর প্রকাশ্য সহিংসতা ও অপতৎপরতা রুখতে সরকারি বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই চব্বিশের ঐতিহাসিক গণহত্যার বিচার নিয়ে সর্বোচ্চ উদাসীনতা প্রদর্শন করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের চিহ্নিত খুনি ও সন্ত্রাসীদের একের পর এক আইনি ফাঁকফোকরে জামিন দেওয়া হচ্ছে, যা শহীদদের আত্মত্যাগের সাথে চরম বিশ্বাসঘাতকতা।
কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে শুরু থেকেই কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে পারেনি সরকার। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদিসহ অন্যান্যদের খুনিদের ফিরিয়ে আনতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। উল্টো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে ধারাবাহিক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ দেশের বিপ্লবী জনগণ কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে মাথা নত করবে না। অবিলম্বে সারাদেশে অভিযান চালিয়ে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি।














মন্তব্যসমূহ