নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যেসব শিক্ষক পূর্বানুমতি ছাড়া ক্লাস নেননি, তাঁদের নামের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে এ তথ্য রেজিস্ট্রারের কাছে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে প্রশাসনের কাছে তথ্য এসেছে। এসব শিক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়েছিলেন কি না, তা যাচাই করতে সংশ্লিষ্টদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে।
এ জন্য অনুষদের ডিন ও ইনস্টিটিউট পরিচালকদের নিজ নিজ বিভাগের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, 'এরকম আনইউজুয়াল কেসে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতির শিক্ষকের সংখ্যা কী রকম, এই ডাটা আপাতত আমরা জানতে চাচ্ছি। দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ক্লাসে কতটুকু নিয়মিত এই তথ্য আমরা জানতে চাচ্ছি।'
তিনি জানান, কোনো শিক্ষক ব্যক্তিগত সমস্যা কিংবা অন্য দায়িত্বের কারণে ক্লাস নিতে না-ও পারেন। তবে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন কি না, সেটিও প্রশাসনের জানা প্রয়োজন।
উপ-উপাচার্য আরও বলেন, 'একজন শিক্ষকের সমস্যা থাকতে পারে, অন্য রেসপন্সিবিলিটি থাকতে পারে, কিন্তু সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ইনস্টিটিউটের ডিরেক্টররা বিষয়গুলো সম্পর্কে অবহিত কি না—এই তথ্যটা আগে আমাদের প্রয়োজন। সেজন্য আমরা ডাটা সংগ্রহ করছি।'














মন্তব্যসমূহ