বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, সরকারি নথিতে রোহিঙ্গাদের যে সংখ্যা রয়েছে, বাস্তবে তা আরও বেশি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় ও মানবিক সহায়তা দিতে গিয়ে বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতিও গুরুত্ব পায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হলে তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। এ জন্য শুধু বাংলাদেশের উদ্যোগ যথেষ্ট নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
বিশেষ করে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী পক্ষগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত মামলার রায় ঘোষণার বিষয়টিও উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ৩ নভেম্বর জানিয়েছে, গাম্বিয়ার করা মামলায় ১৯ নভেম্বর রায় ঘোষণা করা হবে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ নিয়ে মামলাটি করা হয়েছিল।
এদিকে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে তাদের নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
কেলি ই. কারি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা কাজ করছে।
বৈঠকে রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের এলাকায় মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং সাইবার অপরাধ মোকাবিলার বিষয়েও আলোচনা হয়।
এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য বিশেষ প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। এ সময়ে মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির কারণে বাংলাদেশের ওপর তৈরি হওয়া প্রভাব মূল্যায়ন করবেন তিনি।
তাঁর সফরসূচিতে ঢাকায় বিভিন্ন বৈঠকের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে বিশেষ র্যাপোর্টিয়ারের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ