বেতন ও উড়োজাহাজ মাটিতে থাকা অবস্থায় করা কাজের পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে ধর্মঘট শুরু করেছেন কানাডার বিমান সংস্থা ওয়েস্টজেটের কেবিন ক্রুরা। ব্যস্ত গ্রীষ্মকালীন ছুটির সপ্তাহান্তে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে অন্তত ৬১৫টি ফ্লাইট বাতিল হয়েছে এবং প্রায় আড়াই লাখ যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজের প্রতিনিধিত্বে ওয়েস্টজেটের প্রায় ৪ হাজার ৪০০ কেবিন ক্রু রোববার ধর্মঘটে যোগ দেন। ইউনিয়নের দেওয়া ৭২ ঘণ্টার নোটিশের মেয়াদ স্থানীয় সময় রাত ২টা ১ মিনিটে শেষ হওয়ার পর কর্মবিরতি শুরু হয়।[BANGVIEWS-POST:3026]বিরোধের প্রধান বিষয় হচ্ছে কেবিন ক্রুদের তথাকথিত ‘গ্রাউন্ড পে’। যাত্রী ওঠানো, নিরাপত্তা পরীক্ষা, যাত্রীদের সহায়তা, উড়োজাহাজ ছাড়ার অপেক্ষা এবং ফ্লাইট শেষে দায়িত্ব পালনের মতো কাজের জন্য পূর্ণ পারিশ্রমিক দাবি করছেন তারা।ইউনিয়নের অভিযোগ, বর্তমান ব্যবস্থায় অনেক কেবিন ক্রুকে মাসে প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত বিনা পারিশ্রমিকে কাজ করতে হয়। তারা দায়িত্ব পালনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘণ্টার জন্য বেতন চান।অন্যদিকে ওয়েস্টজেট বলছে, তাদের বর্তমান ঘণ্টা বা ক্রেডিটভিত্তিক বেতন কাঠামোর মধ্যে উড্ডয়নের আগে ও পরে করা কাজের পারিশ্রমিকও অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থাটি দাবি করেছে, নতুন প্রস্তাবে প্রথম বছরে ১৩ শতাংশ বেতন বৃদ্ধি, পরবর্তী বছরগুলোতে অতিরিক্ত বৃদ্ধি এবং আরও কিছু আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।কোম্পানি ও ইউনিয়ন উভয় পক্ষই জানিয়েছে, ধর্মঘট চললেও সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ওয়েস্টজেট বলেছে, কেবিন ক্রুদের অবদান ও পেশাদারত্বের স্বীকৃতি থাকবে এমন একটি গ্রহণযোগ্য চুক্তি করতে তারা আগ্রহী।কানাডার কর্মসংস্থানমন্ত্রী প্যাটি হাজদু ধর্মঘটকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তিনি উভয় পক্ষকে দ্রুত আলোচনায় ফিরে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তবে বিরোধ মেটাতে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।ওয়েস্টজেট জানিয়েছে, বাতিল ফ্লাইটের যাত্রীদের প্রয়োজন অনুযায়ী অন্য ফ্লাইটে তুলে দেওয়া অথবা টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা পরীক্ষা করতে বলা হয়েছে।ওয়েস্টজেট এনকোরের কিউ৪০০ উড়োজাহাজে পরিচালিত ফ্লাইট এবং অন্য বিমান সংস্থার সঙ্গে কোডশেয়ার ব্যবস্থায় পরিচালিত কিছু ফ্লাইট ধর্মঘটের আওতার বাইরে থাকবে। মূল ওয়েস্টজেটের বোয়িং ৭৩৭ ও ৭৮৭ উড়োজাহাজের ফ্লাইটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।[BANGVIEWS-POST:3024]কানাডার বিমানযাত্রী সুরক্ষা বিধিমালা অনুযায়ী, ফ্লাইট বাতিল হলে যাত্রীকে দ্রুততম সম্ভাব্য বিকল্প ফ্লাইটে তুলে দেওয়ার দায়িত্ব বিমান সংস্থার। নিজেদের বা অংশীদার প্রতিষ্ঠানের ফ্লাইট পাওয়া না গেলে প্রতিযোগী বিমান সংস্থার ফ্লাইটেও যাত্রীকে পাঠানোর প্রয়োজন হতে পারে।বিকল্পভাবে যাত্রী ভ্রমণ বাতিল করলে পুরো অর্থ ফেরত চাইতে পারেন। তবে ধর্মঘটের আশঙ্কায় বিমান সংস্থা বাতিল করার আগেই কোনো যাত্রী নিজ থেকে টিকিট পরিবর্তন বা বাতিল করলে সব ধরনের ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নাও থাকতে পারে।২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ওয়েস্টজেট ও কেবিন ক্রুদের ইউনিয়নের মধ্যে নতুন যৌথ চুক্তি নিয়ে আলোচনা চলছিল। গত জুলাইয়ে ইউনিয়নের প্রায় ৯৯ শতাংশ সদস্য ধর্মঘটের পক্ষে ভোট দেন। আলোচনায় সমাধান না আসায় শুক্রবার থেকেই পর্যায়ক্রমে উড়োজাহাজ সরিয়ে রাখা এবং ফ্লাইট বাতিলের প্রস্তুতি শুরু করেছিল ওয়েস্টজেট।সূত্র : রয়টার্স