দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল ও তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভার্চুয়ালি অংশ নেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত টহল, বিভিন্ন স্থানে তল্লাশি এবং গোয়েন্দা কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে দুষ্কৃতকারীদের শনাক্ত করে পেশাদারত্বের সঙ্গে আইনের আওতায় আনার ওপর জোর দেন পুলিশপ্রধান। তবে অপরাধ দমনের অভিযানে সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।
বিশেষভাবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা দায়ের হয়েছে এবং ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি।














মন্তব্যসমূহ