প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে সমাদৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর দাবি, নির্বাচনের আগে পরিবেশ সুরক্ষায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার গঠনের পর থেকেই কাজ করছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন সরকার হিসেবে জনগণের কাছে সমাদৃত। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগেই তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তার উদ্যোগের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি তার প্রতিশ্রুতি রক্ষার কাজ করে যাচ্ছেন।’
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে এদিন তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রীর সফরের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মানবজাতি এখন বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি। এমন সময়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।
তিনি জানান, সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়ে আনার উপায় নিয়ে বিশ্বনেতাদের পাশাপাশি পরিবেশ বিশেষজ্ঞরাও আলোচনা করবেন। এসব আলোচনা থেকে জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘আমাদের সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে হবে। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে রক্ষা করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। আগের পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
এদিকে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের কর্মসূচি সম্পর্কে সোমবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। কপ-৩১-এর বিশ্বনেতাদের সম্মেলন ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠক হতে পারে।
সম্ভাব্য এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।
তাঁর মতে, আন্তর্জাতিক নেতাদের সঙ্গে এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে নির্দিষ্ট কোনো চুক্তি বা প্রকল্প চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল।
এ ছাড়া সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রেসসচিব সালেহ শিবলী, উপ-প্রেসসচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।














মন্তব্যসমূহ