জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত প্রস্তাবটি কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে সংসদ চত্বরকে শুধু ধূমপানমুক্ত নয়, সম্পূর্ণ তামাকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে জোটটি।
এর আগে গত ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে প্রস্তাবটি গ্রহণ করেন।
বাংলাদেশ তামাকবিরোধী জোটের মতে, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের নির্বাচনি ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা এবং সংসদ চত্বরে ধূমপান বন্ধের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।
জোটটি মনে করে, জাতীয় সংসদ শুধু আইন প্রণয়নের প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রের নীতি ও জনকল্যাণমূলক অঙ্গীকার বাস্তবায়নেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে সংসদ ভবনসহ পুরো এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা বিশেষ তাৎপর্য বহন করে।
বিবৃতিতে সংসদ চত্বরে আগত সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দেশের সর্বোচ্চ আইনসভার এই উদ্যোগ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় হতে পারে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।
বাংলাদেশ তামাকবিরোধী জোট আরও জানিয়েছে, ধূমপানমুক্ত ঘোষণার পাশাপাশি সংসদ চত্বরকে শতভাগ তামাকমুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সংগঠনটি তাদের বিবৃতিতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬)’-এর প্রসঙ্গ তুলে ধরে জানায়, সংশোধিত আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহন সম্পূর্ণ তামাকমুক্ত স্থান।
তামাকবিরোধী জোটের প্রত্যাশা, সংসদ এলাকায় দ্রুত শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে এ উদ্যোগ দেশের অন্যান্য সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও সম্প্রসারিত হবে।














মন্তব্যসমূহ