দীর্ঘ কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরাইলের প্রতি অকুণ্ঠ দ্বিদলীয় সমর্থন একটি মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে এলেও সাম্প্রতিক সময়ে সেই ঐতিহাসিক অবস্থানে বড় ধরনের ফাটল দৃশ্যমান হচ্ছে। গাজায় সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর রক্তক্ষয়ী সহিংসতার ঘটনায় ডেমোক্র্যাট শিবিরের অসন্তোষ আগেই তীব্র ছিল। এবার তার সাথে যোগ দিয়ে রিপাবলিকান দলের একটি প্রভাবশালী অংশও ইসরাইলের প্রতি ওয়াশিংটনের একপেশে নীতির প্রকাশ্য পরিবর্তন এবং দেশটিকে প্রদত্ত সামরিক সহায়তা বন্ধের দাবি তুলছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অপ্রত্যাশিত বিপর্যয়ের পর ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক ঢেলে সাজানোর দাবি জোরদার হয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে পড়ায় মার্কিন অর্থনীতিতে সৃষ্ট তীব্র মূল্যস্ফীতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি রিপাবলিকানদের ক্ষোভের মূল কারণ। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক বিবৃতিতে স্পষ্ট করেছেন, আগামী নির্বাচনে রিপাবলিকানদের ঘুরে দাঁড়াতে হলে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে এবং একই সাথে ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইল যে দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করেছে তা থেকে বেরিয়ে এসে তেলআবিবের সাথে সম্পর্কের ধরন পুনর্নির্ধারণ করা আবশ্যক। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্সের এই বক্তব্যকে রিপাবলিকান শিবিরের অন্যতম তাৎপর্যপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেও বিষয়টি উত্তাপ ছড়াচ্ছে। মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন জানিয়েছেন, নতুন কংগ্রেসে তাঁর প্রধান অগ্রাধিকার হবে মার্কিন করদাতাদের অর্থ থেকে ইসরাইল সরকারকে দেওয়া শর্তহীন সহায়তা বা তথাকথিত ‘ব্ল্যাঙ্ক চেক’ পুরোপুরি বন্ধ করা। মিশিগান থেকে নির্বাচিত প্রথম মুসলিম ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদও যুদ্ধাপরাধে ব্যবহৃত অস্ত্র বিক্রি বাতিলের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত চুক্তি অনুসারে ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর ইসরাইলকে ৩৩০ কোটি ডলার অস্ত্র ক্রয়ের জন্য এবং ৫০ কোটি ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য দেওয়ার কথা রয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার পরিমাণ পৌঁছেছে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারে।
যদিও সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখনো ইসরাইলের জোরালো সামরিক অংশীদারিত্বের পক্ষে অনড় অবস্থান ধরে রেখেছেন, খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেছেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তার বড় অংশ বন্ধ করার বিষয়টি তাঁর বিবেচনায় রয়েছে। তবে প্রস্তাবিত প্রতিরক্ষা বিল ও লবিং গ্রুপের প্রভাব কাটিয়ে এই সহায়তা কমানোর উদ্যোগ বাস্তবে কতটুকু কার্যকর হবে, তা নিয়ে সংশয় এখনো কাটেনি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস














মন্তব্যসমূহ