রাজধানীর বাড্ডায় আগামী ২৬ ও ২৭ নভেম্বর দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের আয়োজন করেছে বাড্ডা ইমাম-উলামা পরিষদ। সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা আলোচনা পেশ করবেন। এ ছাড়া স্থানীয় উলামায়ে কেরামও আলোচনায় অংশ নেবেন।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ ও ২৭ নভেম্বর) মেরুল বাড্ডার ডি আই টি প্রজেক্ট মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ আসর থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সম্মেলনের প্রথম দিন আলোচনা পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, মাওলানা শিববাতুল্লাহ নূর হাফি (বি. বাড়িয়া), মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা আবদুল মাজিদ এবং মাওলানা জোবায়ের আহমদ। বিশেষ মেহমান হিসেবে থাকবেন মুফতি মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের।
দ্বিতীয় দিন আলোচনা পেশ করবেন পাকিস্তানের আল্লামা ইলিয়াস গুমান, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আবদুল মোমেন মুরাদাবাদী, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী এবং মাওলানা হুসাইন আহমদ। এদিন বিশেষ মেহমান হিসেবে থাকবেন মাওলানা আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ড. এম এ কাইয়ুমের।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বাড্ডা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাড্ডা ইমাম-উলামা পরিষদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে নারীদের জন্য পর্দাসহ ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
মন্তব্যসমূহ