মারি বিস্কুটের মাধ্যমে দীর্ঘ ৫৩ বছরে পরিচিতি পাওয়া কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে ১২০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১২১ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পাশাপাশি মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধেও মামলা করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তদন্তে পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে প্রায় ৬৪৬ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে ভ্যাট গোয়েন্দা। এতে গাজীপুরে কোকোলা ফুডের মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন পাঁচটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমার তথ্য পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন ছিল না, জমা দেওয়া হয়নি কোনো ভ্যাট রিটার্নও। এমনকি অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলার অভিযোগও রয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কোকোলা ফুডের পণ্য বিক্রির পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ৮৯৬ টাকা। এর মধ্যে ৪৭ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকার বিক্রির তথ্য গোপন রাখার প্রমাণ পেয়েছে তদন্ত দল। এ ঘটনায় সুদসহ অনাদায়ী ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১৫৯ টাকা।
এ ছাড়া কেনাকাটা ও অন্যান্য ব্যয়ের বিপরীতে উৎসে মূসক হিসেবে ১২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৫৩৪ টাকা পরিশোধের কথা থাকলেও প্রতিষ্ঠানটি দিয়েছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫৬৪ টাকা। বকেয়া সুদসহ এ খাতে অনাদায়ের পরিমাণ ১২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮০১ টাকা। স্থাপনা ভাড়ার বিপরীতে আরও ৯৭ লাখ ২৮ হাজার ৫১৯ টাকা বকেয়া রয়েছে। সব মিলিয়ে মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুদসহ ২৩ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকা ভ্যাট ফাঁকির হিসাব করেছে তদন্ত সংস্থা।
অন্যদিকে, পাঁচ সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলোতে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে গোয়েন্দা দল। এসব অর্থকে পণ্য বিক্রির আয় হিসেবে বিবেচনা করে ১৫ শতাংশ হারে ৯৬ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৪৪ টাকা ভ্যাট অনাদায়ের হিসাব করা হয়েছে।
প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানে দেখা গেছে, ইউনিক ট্রেডার্সের নয়টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ৪৪৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা। এর বিপরীতে অনাদায়ী ভ্যাট ৬৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৭৯৬ টাকা।
এনএস করপোরেশনের পাঁচটি হিসাবে ২৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১১৪ টাকা জমার বিপরীতে ভ্যাট ফাঁকির পরিমাণ ৪ কোটি ৪৩ লাখ ২ হাজার ২১৭ টাকা। বিসমিল্লাহ ট্রেডিংয়ের দুটি হিসাবে ৫১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৪৮২ টাকা জমা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনাদায়ী ভ্যাটের পরিমাণ ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৯৭২ টাকা।
এ ছাড়া সুভানী করপোরেশনের দুটি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৫৬৯ টাকা জমার বিপরীতে ১৫ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা এবং মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির একটি হিসাবে ১৭ কোটি ১০ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা জমার বিপরীতে ২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৯২৩ টাকা ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় গিয়ে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। কোকোলা ফুডের পণ্য বিক্রির অর্থ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে রাজস্ব ফাঁকির কৌশল নেওয়া হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই মালিকানা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আটটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কোকোলা ফুডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়া। তাঁর ছেলে নোমান মিয়া এবং মো. আবু সাঈদ প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে রয়েছেন। রাজস্ব আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সুপারিশ করেছে তদন্ত সংস্থা।
প্রতিবেদনে মূল প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে পৃথক মামলা, দাবিনামা জারি এবং মালিকপক্ষের ব্যাংক হিসাব জব্দের সুপারিশ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নথি গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোকোলা ফুডের পরিচালক মো. আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে সাড়া না পাওয়ায় হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে প্রথমে তিনি কোনো উত্তর দেননি। পরে লিখিত প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন করেন, ‘কে দিসে এই খবর? চিলে কান নিয়া গেছে?’
এরপর তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আর বক্তব্য পাওয়া যায়নি।
তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত সংস্থার প্রতিবেদনে উল্লিখিত তথ্য ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাওয়া সীমিত প্রতিক্রিয়ার বাইরে কোনো চূড়ান্ত বিচারিক সিদ্ধান্তের তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।














মন্তব্যসমূহ