দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। ওই দিন সকাল থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। এসব দাম ভ্যাটসহ নির্ধারিত।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই ভ্যাটসহ স্বর্ণের সংশোধিত দাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
স্বর্ণের মূল্য কমলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দামেই রুপা বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। ওই বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা কমানো হয়েছিল।














মন্তব্যসমূহ