শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যতে শিক্ষকরা যাতে চাকরিতে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন। কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তাকে আগে চাকরি ছাড়তে হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট ও মাল্টিপ্লায়ার গ্রান্টের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ ঠেকাতে আইন থাকা দরকার। কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়েই তাকে নির্বাচনে অংশ নিতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে সরকার পর্যাপ্ত বিনিয়োগ করছে। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষা খাতের মানোন্নয়নে ৯৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইউনিসেফ, ইউনেস্কো ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা সচিব আবদুল খালেক।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশন, ইউনিসেফ, ইউনেস্কো, এশীয় উন্নয়ন ব্যাংক এবং গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ