২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরপরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে। ফল জানার জন্য শিক্ষার্থীদের অনলাইন ও এসএমএস—দুই ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত ২৭ অক্টোবরের সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফল সংগ্রহ করতে হবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ বিভাগে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
বার্তার ফরম্যাট হবে: HSC লিখে একটি স্পেস, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে।
যেমন, ঢাকা শিক্ষা বোর্ডের একজন পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।
পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চাইলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্যসমূহ