ভোক্তা পর্যায়ে জুলাই মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। দাম বাড়বে নাকি কমবে, তা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণার পর জানা যাবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ বিষয়ে কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর জানানো হবে।
এলপিজির নতুন দামসংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।
মন্তব্যসমূহ