ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেল দুনিয়ার জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে নিজের জীবনের নানা জটিলতা নিয়ে ফোনে কথা বলছেন। ঠিক তখন হাতে বিশেষ একটি ট্র্যাকার নিয়ে সেখানে হাজির হন লিওনেল মেসি। মনে হয়, স্পাইডারম্যানকে খুঁজতেই তিনি সেখানে এসেছেন।
কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে দেখা দেন। ভিডিওর শেষ দিকে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে। এই দৃশ্যই ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে।
হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, এই প্রচারণামূলক ভিডিওতে অল্প সময়ের উপস্থিতির জন্য মেসি বড় অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩০ জুলাই। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই মেসিকে নিয়ে বিশেষ এই ভিডিও তৈরি করা হয়েছে।
ভিডিওতে মেসির হাতে দেখা যাওয়া ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কমিকসপ্রেমীদের কাছে এটি পরিচিত একটি ডিভাইস। ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে পিটার পার্কার নিজেই এই ট্র্যাকার তৈরি করেছিলেন।
কমিকস অনুযায়ী, ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে প্রথম এই ডিভাইস ব্যবহার করেছিলেন পিটার পার্কার। তাই ভিডিওতে ট্র্যাকার দেখানোকে অনেকেই সিনেমার গল্পের ইঙ্গিত হিসেবে দেখছেন।
আরও কৌতূহল তৈরি করেছে ট্র্যাকারের স্ক্রিনে দেখা একাধিক লাল বিন্দু। অনেক ভক্তের ধারণা, এটি মার্ভেলের মাল্টিভার্স ধারণার ইঙ্গিত হতে পারে। নতুন সিনেমায় একাধিক স্পাইডারম্যান দেখা যেতে পারে বলেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। সেখানে পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই স্পাইডারম্যান।
নতুন অধ্যায়ে এক রহস্যময় হুমকির বিরুদ্ধে লড়াইয়ে স্পাইডারম্যানের পাশে দেখা যাবে ‘দ্য পানিশার’ ও ‘হাল্ক’কে। এর মধ্যেই প্রচারণায় মেসির উপস্থিতি ফুটবল ও মার্ভেল, দুই জগতের ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।
মন্তব্যসমূহ