ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। পাশাপাশি আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৩২ মিনিটে প্রথম তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট কাজ করছে এবং আরও তিনটি ইউনিট পথে রয়েছে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে।
এদিকে, কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এতে কোনো হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ