বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় আসে।
তারো আসোর নেতৃত্বে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের অব্যাহত অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ২০০৬ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন তিনি।
উপপ্রেস সচিব স্বাধীন বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেছেন তারেক রহমান। বাংলাদেশের সঙ্গে তারো আসোর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান।
এ সময় তারো আসো এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এ ধরনের সফর দুই দেশের সংসদীয় বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জাপানের পক্ষে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো, দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্যরা এবং ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি।
এর আগে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে টোকিওতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
মন্তব্যসমূহ