নোয়াখালীর বেগমগঞ্জে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত একটি ব্যানার ও লাঠি জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটক করতে ভিডিও ফুটেজ পর্যালোচনার পাশাপাশি অভিযান চালানো হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর টার্ফের পাশের সড়ক থেকে মিছিল নিয়ে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ওঠেন। সেখানে কিছুক্ষণ বিভিন্ন স্লোগান দেওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে মিছিলের দৃশ্য দেখা যায়। এতে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচি হিসেবে দাবি করা হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রুবাইয়াত রহমান আরাফাতের নির্দেশনা ও তত্ত্বাবধানে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মান্নান হৃদয়ের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। তবে ক্যাপশনে উল্লেখ করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘আমরা ব্যানার ও লাঠি জব্দ করেছি। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’
মন্তব্যসমূহ