পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তার কারণে বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি বিশ্লেষণ সম্পন্ন হওয়ার পর এটি পুনরায় চালু করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে তা সমাধানের জন্য প্রযুক্তিবিদরা কাজ করছেন। একই নিরাপত্তা উদ্বেগের কারণে পিএইচপিভিত্তিক আরও কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, পিএইচপির নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারে থাকা ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
তবে সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের অধীনে থাকা প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপিতে তৈরি নয়। তাই সেগুলো এই নির্দিষ্ট নিরাপত্তা ত্রুটির সরাসরি ঝুঁকিতে পড়ার কথা নয়।
এদিকে, বিজিডি ই-গভ সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির ব্যবহৃত সংস্করণ যাচাই এবং নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। প্রয়োজন অনুযায়ী সার্ভারে প্রবেশাধিকার সীমিত রাখার বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি।
মন্তব্যসমূহ