ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাটও আগুনে নষ্ট হয়েছে। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাজারের একটি পাটের গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই গুদাম ও দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়। কিছু মালামাল উদ্ধার করা গেছে।
বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা একটি পাটের গুদামে আগুন দেখতে পান। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সাতটি গুদাম ও তিনটি দোকান পুড়ে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে, যার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
সোহেল রানা আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। তদন্ত ও হিসাব সম্পন্ন হলে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
মন্তব্যসমূহ