মোটরসাইকেলের সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে হবে মালিকদের। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বিআরটিএ। ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও কার্যকর করার লক্ষ্যে মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মান অনুযায়ী নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে।
নতুন নির্দেশনায় নম্বরপ্লেটের রং ও উপকরণ সম্পর্কেও সুনির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। সামনের প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। প্লেটে কোনো ধরনের নকশা বা শোভাবর্ধন করা যাবে না।
স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপও আলাদাভাবে নির্ধারণ করেছে বিআরটিএ।
নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের প্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের প্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। নতুন নির্দেশনার মাধ্যমে সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে সব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপন করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।
মন্তব্যসমূহ