শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে চিতলমারীর চরবানিয়ারী পশ্চিম পাড়া চন্ডিভিটা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনিকা পান্নু। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় খুলনা থেকে সড়কপথে স্ত্রীকে নিয়ে চন্ডিভিটা দুর্গা মন্দিরে পৌঁছান ভারতীয় সহকারী হাইকমিশনার।
মন্দিরে পৌঁছানোর পর পূজা উদযাপন কমিটির নেতারা তাঁদের স্বাগত জানান।
এ সময় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.এম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চন্ডিভিটা পূজামণ্ডপে এবারের দুর্গাপূজা উপলক্ষে ২০১টি প্রতিমা স্থাপন করা হয়েছে। পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার মণ্ডপের বিভিন্ন প্রতিমা ঘুরে দেখেন।
পরে তিনি উপস্থিত হিন্দুধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে পূজা উদযাপনের সার্বিক আয়োজন ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের একপর্যায়ে পবন কুমার ও তাঁর স্ত্রী সোনিকা পান্নু মন্দিরে প্রার্থনায় অংশ নেন।
মন্দির পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
তিনি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মহাসপ্তমীর আয়োজনের অংশ হন ভারতীয় এই কূটনীতিক ও তাঁর স্ত্রী।
মন্তব্যসমূহ