দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করলেও শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল চলবে বিকেল থেকে।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমটিসিএলের অপারেশন বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে।
অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৭টা ১৫ মিনিটে।
এই চার দিনে দিনের অধিকাংশ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে রাতের দিকে যাত্রীচাহিদার ওপর নির্ভর করে ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, নির্ধারিত চার দিনের প্রতিদিন দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
এদিকে শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেলের চলাচল শুরু হবে বিকেল থেকে।
ওই দিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টা ২০ মিনিটে।
শুক্রবার দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ছুটির সময় যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। এ সময় প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ মিনিটের ব্যবধানে ট্রেন পরিচালনা করা হবে।
যাত্রীচাপ মোকাবিলায় অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে একটি এবং ডিপোতে আরেকটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে।
প্রয়োজন দেখা দিলে এসব ট্রেন পরিচালনার মাধ্যমে যাত্রীচাহিদা অনুযায়ী চলাচলের বিরতি কমানো বা সমন্বয় করা হবে।
দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঘোষিত এই বিশেষ সময়সূচি অনুযায়ী মেট্রোরেল পরিচালনা করা হবে।
মন্তব্যসমূহ