পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর নিখোঁজ রিকশাচালক আল আমিনকে (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা নাঈমুজ্জামান ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাঁকে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রিকশাচালক আল আমিন। ওই দিন থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় একই বছরের ১০ নভেম্বর আল আমিনের বাবা মনু মিয়া একটি মামলা দায়ের করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনকে নামীয় আসামি করা হয়।
এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
আল আমিনকে হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে নাঈমুজ্জামান ভুঁইয়াকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
তবে মামলায় উত্থাপিত হত্যা ও লাশ গুমের অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
মন্তব্যসমূহ