সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন মোট ১৭ হাজার ৭০১ জন। নিরাপত্তাজনিত কারণে সৃষ্ট এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৫০টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬৩টি। এর মধ্যে ইন্ডিগো এয়ারের ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার পাঁচটি ফ্লাইট রয়েছে।
কাওছার মাহমুদ জানান, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হলে এসব বিমানবন্দরকেন্দ্রিক ফ্লাইট বাতিলের ঘটনা চলতে থাকবে।
মন্তব্যসমূহ