কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরতে যাওয়া একটি বাংলাদেশি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
রোববার (২৮ জুন) সকালে ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী।
অপহৃত জেলেরা হলেন মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আজিমুল্লাহ, সালাম নুর, আয়ুব আলী ও ছৈয়দ হোসেন। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় জেলেরা জানান, রোববার দুপুরে প্রতিদিনের মতো টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়।
পরে ট্রলারটি ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিয়ে সেটি আটক করে। এরপর ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে যায় তারা।
এ সময় আশপাশে থাকা আরও কয়েকটি মাছ ধরার ট্রলার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদে ফিরে আসে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে ঢুকে যাওয়ায় আরাকান আর্মি একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আটক জেলেরা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তাদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।
সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ায় জেলেদের চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্যসমূহ