কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে রাত ২টার দিকে দফায় দফায় চেষ্টা করেও ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এসব কথা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনে দেওয়া বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা দেশের কোথাও যখন এ ধরনের কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের। ঘটনার রাতের বিবরণ দিয়ে তিনি জানান, মধ্যরাত ২টার দিকে যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলেও তাঁকে ফোনে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দেওয়া হয়, কিন্তু তাঁকেও পাওয়া যায়নি। পরবর্তীতে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তাঁর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে সংসদে কথা বলার সুযোগ চেয়েছেন, তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত চলছে।”
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, “আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি প্রকৃত ঘটনা কী এবং অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।”














মন্তব্যসমূহ