ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ, শত শত কোটি ডলার এবং তাদের প্রণালি এখন আমাদের হাতে রয়েছে।”
একই পোস্টে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভূমিকা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। ইরানের সঙ্গে পর্দার আড়ালে চলা কূটনৈতিক আলোচনার উদ্যোগের বিপরীতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে ডেমোক্র্যাটদের শাসনাধীন এলাকায় ব্যাপক দুর্নীতি ও অপরাধ সংঘটিত হচ্ছে এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উচিত এসব অভ্যন্তরীণ বিষয়ে তাঁর পূর্ণ ও সামগ্রিক মনোযোগ দেওয়া।
উল্লেখ্য, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের ভরাডুবির পর ইরান সংঘাত নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য এবং তেহরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার খবরের পরপরই ট্রাম্পের এই কড়া অবস্থান সামনে এলো।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ