জামালপুরের বকশীগঞ্জে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগম।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে বাড়ির কাছেই মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। এ সময় খাগড়াছড়ি থেকে বকশীগঞ্জের উদ্দেশে আসা একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করছিল।
একপর্যায়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
একই পরিবারের দুই নারীর আকস্মিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে বাসের চালকের সহকারীকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে এবং চালকের সহকারীকে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
মন্তব্যসমূহ