ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীসহ একাধিক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছ থেকে পিনারাই বিজয়নকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আটকের পর তাকে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে রাখা হয়েছে।
একই দিন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও আটক করে দিল্লি পুলিশ। মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পুলিশ বিমানে প্রবেশ করে তাকে হেফাজতে নেয়।
এ সময় তার সঙ্গে থাকা সংগঠনের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়। তারা যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে এসেছিলেন।
অন্যদিকে বিক্ষোভে যোগ দেওয়ার উদ্দেশ্যে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও শনিবার সকালে আটক করা হয়েছে। ৩২ বছর বয়সী এই ইউটিউবারকে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে হেফাজতে নেয় পুলিশ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ধ্রুব রাঠীকে আটক করতে প্রায় ৫০ জন পুলিশ সদস্য তার বাসায় যান। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই তাকে আটক করা হয়।
এ ছাড়া ককরোচ জনতা পার্টির আইন বিভাগের প্রধান রত্না সিংও পুলিশের হাতে আটক হওয়ার অভিযোগ করেছেন। বিক্ষোভের আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে দাবি করে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে এ কর্মসূচির আয়োজন করে ককরোচ জনতা পার্টি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি।
বিক্ষোভের অনুমতি না দেওয়ার পাশাপাশি দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের আটকের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্যসমূহ