ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানের সিরিক ও কেশম অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, বাণিজ্যিক জাহাজে ইরানের পূর্ববর্তী হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মার্কিন অভিযানের পর নতুন করে কঠোর বার্তা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এক বিবৃতিতে তারা দাবি করেছে, সিরিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকে দুর্বল করতে পারেনি।
বিবৃতিতে আরও বলা হয়, সমুদ্রপথে নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে এবং এটি অন্য জাহাজগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।
এছাড়া আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে তারা সতর্কবার্তা দিয়েছে।
তবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা এবং সেগুলো ধ্বংসের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
সূত্র : দ্য ডন
মন্তব্যসমূহ