কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর রোববার সকালে রামুর রেজুখাল ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
উদ্ধারস্থলটি ইনানী সমুদ্রসৈকত থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামের বাসিন্দা মুহাম্মদ ইকবালের ছেলে। তিনি হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের একমাত্র ছেলে সায়েমের তিন বোন রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান সায়েম। শনিবার দুপুরে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে একপর্যায়ে তিনি সাগরের পানিতে তলিয়ে যান।
ঘটনার পর সি-সেফ লাইফগার্ড, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে রোববার সকালে রেজুখাল ব্রিজসংলগ্ন এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহতের বাবা মুহাম্মদ ইকবাল জানান, ছেলের মরদেহ গ্রহণের জন্য তারা কক্সবাজারে অবস্থান করছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিকারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ লোকমান হাকিম বলেন, সায়েমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ গ্রামে নিয়ে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস রেজুখাল ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্যসমূহ