বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রতিনিধিদলের কাছে দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে এসব রোগ মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কেও তাদের অবহিত করেন।
দেশের স্বাস্থ্যখাতে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোর কথাও বৈঠকে তুলে ধরেন মন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
যুক্তরাজ্যের প্রতিনিধিদলে সংসদ সদস্য মনিকা হার্ডিং, অ্যালান গাম্মেল এবং আরটি ডেভিড মুন্ডেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ