এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের চার দশকের পদকখরা কাটানো উশু অ্যাথলেট জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই অ্যাথলেটকে সম্মাননার পাশাপাশি এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকালে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে জিন্নাতকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরে জিন্নাতের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন নজির গড়েছেন জিন্নাত। তার এই পদকের মধ্য দিয়ে এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান হয়েছে।
এর আগে ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মোশাররফ হোসেন। এরপর দীর্ঘ চার দশক এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে আর কোনো পদক পায়নি বাংলাদেশ।
সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার উশুতে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন জিন্নাত। সংবর্ধনা অনুষ্ঠানে তার এই অর্জনের প্রশংসা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতেও তার কাছ থেকে আরও ভালো ফলের প্রত্যাশা জানানো হয়েছে।
মন্তব্যসমূহ