দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন।
এ ছাড়া অক্টোবরের গত তিন দিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৯ জনকে নিয়ে চলতি বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮০ হাজার ৩৪৭ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮১৬ জন। খুলনা বিভাগে ৩৩০ জন, চট্টগ্রামে ৩২৪ জন, রাজশাহীতে ২২৪ জন, বরিশালে ২০৩ জন, ময়মনসিংহে ৯৯ জন এবং রংপুরে ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্যসমূহ