দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন রোগী। মৃত ছয়জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬০৮ জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২১ জন। চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৮ হাজার ৪৮২ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, বরিশালে ২১৫ জন, রাজশাহীতে ১৩২ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন।
মন্তব্যসমূহ