রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার পর শহরের ওই কার্যালয়ের প্রবেশপথের কেচিগেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন।
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলো দুলাল জানান, স্থানীয় কয়েকজন এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে যা তারা ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন। তিনি বলেন, ‘‘আমাদের কর্মী ও দায়িত্বশীলরা রাত ১টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন, তাঁদের চলে যাওয়ার পর এ ঘটনা ঘটানো হয়েছে।’’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা উল করিম পিছু মন্তব্য করেন, ‘‘সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ফ্যাসিবাদীরা নানা ধরনের নাশকতামূলক কাজ করছে। আমাদের সরকারের সফলতা ও অর্জন নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।’’
কার্যালয়ের কেয়ারটেকার মো. আঁতর আলী শেখ বলেন, রাত ১টার দিকে তিনি সমস্ত তালা পরীক্ষা করে বাড়ি গেছেন এবং তখন কাউকে দেখেননি। সকালে সাড়ে ৮টার দিকে তিনি কার্যালয়ের কেচিগেট পোড়া অবস্থায় দেখতে পান এবং এরপর নেতাকর্মীদের খবর দেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আগুন কেরোসিন তেল দিয়ে লাগানো হয়েছিল। ঘটনার তদন্ত চলছে ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্যসমূহ