ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বর মাসেও একই ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে। তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন এবং দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর।
শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, দিল্লিতে যাদের সদর দফতর রয়েছে, তাদের দিল্লিতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হলো। তিনি দিল্লির ভয় দেখিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের জন্য বাংলার মাটিতে কোনো স্থান নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।
জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলম সঞ্চালনা করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ