সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ঘিরে কোনো ধরনের গুজব বা প্রশ্ন ফাঁসের ভুয়া তথ্য ছড়ানো হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। অতীতে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে এই খাতে নানা সমস্যা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
ড. মিলন অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন, শিক্ষা বোর্ড, আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রসংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।














মন্তব্যসমূহ