বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি সঞ্চার হবে।
জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি রাখছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ ও সহায়তা একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচির অংশ।
তিনি জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত সংস্কারের বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।














মন্তব্যসমূহ