নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় দ্রুত নতুন বাসগুলো চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
সভায় জানানো হয়, স্কুল-কলেজে যাতায়াতকারী ছাত্রী এবং কর্মজীবী নারীদের পরিবহণ সুবিধার জন্য বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। যাত্রীদের চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় আরও ১০০টি বাস দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সড়ক দুর্ঘটনা কমাতে দেশের ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়। এসব স্থানে প্রয়োজন অনুযায়ী সড়ক সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। নতুন সড়ক প্রকল্পের ক্ষেত্রেও যতটা সম্ভব সোজা অ্যালাইনমেন্ট রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধীন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ